Oplus_131072
পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোটরসাইকেলের ক্রেতা সেজে মাদারীপুরের শিবচর থেকে শ্রীনগরে ডেকে এনে মারধর করে ছিনিয়ে নেওয়া হয় মোবাইলফোন ও নগদ টাকা।পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখেই সটকে পরে ছিনতাইকারীরা।

পুলিশ বুধবার (২৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এই চক্রের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
জানাগেছে, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় পূর্ব পরিচয়ের সূত্রে মোটরসাইকেলের ক্রেতা সেজে মাদারীপুরের শিবচর থেকে রায়হান (২৮) ও তার এক সঙ্গীকে শ্রীনগরে ডেকে আনে রাফি আহম্মেদ ও সাজিদ হোসেন সহ কয়েকজন।পরে সুযোগ বুঝে তাদেরকে মারধর করে একটি স্যামসাং এস টুয়েন্টিথ্রি আলট্রা মোবাইলফোন ও নগদ টাকা কেড়ে নেয়।এই ঘটনায় রায়হান বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।মামলায় মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম অভিযান চালিয়ে উপজেলার শ্যামসিদ্ধি থেকে রাফি আহম্মদ (২২) ও সাজিদ হোসেন (২২) কে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রাফি আহম্মেদ শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া এলাকার রিপন আহম্মেদের ছেলে।অপর আসামী সাজিদ হোসেন শ্রীনগর বাজারের বাশপট্টি এলাকার মোঃ শাহাদাত হোসেনের ছেলে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তারকৃতদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।