মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে কিশোর গ্যাং এর ৬সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামাড়গাও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীনগর উপজেলার কাটালবাড়ী এলাকার আমজাদ হোসেনের ছেলে আরমান হোসেন কৌশিক,উত্তর ভাগ্যকুল এলাকার গোলাম হোসেন সারেং এর ছেলে আরমান সারেং, উত্তর কামাড়গাও এলাকার ইসরাফিল মোড়লের ছেলে নাঈম মোড়ল একই এলাকার মৃত শেখ আবেদ আলির ছেলে আব্দুস সাত্তার ও ফরহাদ হোসেনের ছেলে মো: রবিন, উত্তর বালাশুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রবিন হোসেন।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, ২টি চাকু, ২টি হেয়ার কাটার,২টি সুইচ গিয়ার চাকু, ৬ টি মোবাইল ফোন ও নগদ ১৮শত ৪০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার বিকালে র্যাব-১০ এর এক বার্তায় জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামাড়গাও এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে কিশোর গ্যাং এর ৬সদস্যকে গ্রেফতার করে।পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।