মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় হট্টগোলের সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যক্তিগত ক্যামেরাপার্সন নাহিয়ানের বিরুদ্ধে।
গতকাল বুধবার শ্রীনগর উপজেলা পরিষদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের অভিযোগ, সভায় হট্টগোলের সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করছিলেন।এসময় নাহিয়ান সাংবাদিকদের ক্যামেরার ওপর আঘাত করেন।একপর্যায়ে ৭১ টেলিভিশনের ফটোসাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া আরও কয়েকজসাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ স্থানীয় সাংবাদিকদের।
ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহ ও ছবি ধারণ সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। সভাস্থলে এ ধরনের আচরণ তাদের কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ একটি আইনশৃঙ্খলা সভায় দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা না দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত নাহিয়ানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
সূত্র : মুন্সীগঞ্জ প্রতিদিন।