ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে উচ্চ গতির এক মোটরসাইকেল দুর্ঘটনায় হিমেল (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে।এ সময় বাইকটির আরোহী শাহরিয়ার (২২) নামে অপর একজন আহত হন।বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র কবরস্থানের সামনে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এদুর্ঘটনা ঘটে।

মো. তাহফিজ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের ভূইচিত্র কবরস্থানের সামনে এসে অতিরিক্ত গতিতে আকাবাঁকা হয়ে এক তরুণ চালক ঢাকামুখী বাইকটি চালিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে সজোরে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মোটরসাইকেলের বাইকের চালকসহ আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা বলেন, বাইকের চালক হিমেল ও আরোহী শাহরিয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে হিমেলের অবস্থা আশঙ্কজনক।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা বিনতে রশিদ বলেন, হিমেলকে আশঙ্কজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নিহতের বোন মনিরা নামে একজন জানান, ঢাকা নেওয়ার পথে হিমেল মারা যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, অতিরিক্ত গতির কারণে সার্ভিস লেনে এদুর্ঘটনায় ১জন মারা গেছে।সড়ক থেকে বাইকটি সরিয়ে নেওয়া হয়েছে।সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।