আজঃ , , শ্রীনগরে রহস্যজনক আগুনে বসতঘর পুড়ে ছাই - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

১২লাখ টাকার ক্ষতি

শ্রীনগরে রহস্যজনক আগুনে বসতঘর পুড়ে ছাই


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
শ্রীনগরে রহস্যজনক আগুনে বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় রহস্যজনক আগুনে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের পূর্ব হাঁসাড়া মাদ্রাসা পাড়ার সৌদি আরব প্রবাসী দেলোয়ার হাওলাদারের বাড়িতে এঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে টিন ও কাঠের তৈরি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান জিনিস পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রবাসী দেলোয়ার হাওলাদারের।

শ্রীনগর উপজেলা প্রশাসন, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ার হাওলাদারের স্ত্রী তার ২ কন্যা নিয়ে রাতে ওই ঘরে শুয়ে পড়েন।গভীর রাতে পোড়াগন্ধে তাদের ঘুম ভাঙ্গে।হঠাৎ ঘরে আগুন দেখে তারাতারি ঘরের দরজা খোলার চেষ্টা করে বাহির থেকে দরজা আটকিয়ে রাখা হয়েছে বুঝতে পারেন।এক পর্যায়ে জোরে ধাক্কা দিলে দরজা খুলে গেলে তারা বাহিরে চলে আসেন।

দেলোয়ার হাওলাদার বলেন, আমার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য লুকিয়ে আছে।তিনি বিষয়টি ক্ষতিয়ে দেখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সোহেল রানা বলেন, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।১টি বসতঘর সহ আসবাবপত্র পুড়ে গেছে।অগ্নিকান্ডের সূত্রপাত জানার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মো. সাইফুল জানান, অগ্নিকান্ডের ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।