মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের প্রবাসী হরি আচার্যের স্ত্রী রিতা ভট্টাচার্যকে রান্না করার সময় এলোপাথারী কুপিয়ে জখমের ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা ধানমন্ডীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রিতা ভট্রাচার্য (৪৫) মারা যান। সে দুই কন্যা সন্তানের জননী।

অভিযোগ উঠেছে তারই মাদকাসক্ত দেবর রুহি আচার্য ভাবি রিতা ভট্রাচার্যকে গত ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টার পর কুপিয়ে আহত করে। এঘটনায় পরে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুহি আচার্য ভাগ্যকুল হাইস্কুল রোডে দর্জি দোকান চালালেও দীর্ঘদিন ধরে ইয়াবা আসক্ত হওয়ায় ঠিকমতো ব্যবসায় মনোযোগী ছিলেন না। বহুদিন ধরেই আলাদা সংসার ও আলাদা বাড়ি হলেও রুহি আচার্য সাম্প্রতিক সময়ে তার ভাবির নিকট থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে তা পরিশোধ করেনি। ওইদিন রক্তাত্বজখমের পর প্রথম দিকে দেবর রুহি আচার্য আহত ভাবির সাথে হাসপাতালেই ছিলো। পরে তার সম্পৃক্ততার বিষয়টি ফাঁস হয়ে গেলে রুহি আচার্য হাসপাতাল থেকে পালিয়ে যায়।
ওই এলাকার গকুল বর্মন জানায়, ওইদিন রুহি আচার্যকে হরি আচার্যের বাড়ি থেকে বের হয়ে বালুতে রক্তাক্ত হাত মুছতে দেখেন তিনি। জানতে চাইলে কিছু না বলেই রুহি আচার্য দ্রæত চলে যায়। রুহি আচার্যের স্ত্রীও স্বীকার করেন যে, তার স্বামী ওই সময় ভেজা কাপড়ে ঘরে এসে কাপড় বদল করে চলে যায়। এলাকাবাসীও সন্দেহ করছে ওইদিন দেবর রুহি আচার্যই তার ভাবিকে ছুরিকাঘাট করেছে। অপরাধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আহত ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।