আজঃ শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ শ্রীনগরে অটো চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে অটো চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
শ্রীনগরে অটো চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক অটোরিক্সা চালকের ঘুষিতে যাত্রী নিহতের অভিযোগ উঠেছে।মঙ্গলবার দুপুরে উপজেলার হাঁসাড়া এলাকায় এঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. কালাম শেখ (৫৫)।সে হাঁসাড়া গ্রামের মো. শুকুর শেখের ছেলে।অভিযুক্ত অটোচালকের নাম মো. জামাল। সে ওই গ্রামের বাবু মাঝির জামাতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের হাসাড়া আনসার ক্লাবের পাশে অতিরিক্ত ভাড়া চাওয়ায় যাত্রী কালাম শেখের সাথে চালক জামালের কথা কাটাকাটি হয়। এক পর্যায় জামাল উত্তেজিত হয়ে কালাম শেখের বুকে ঘুষি মারে। এতে কালাম শেখ মাটিতে লুটিয়ে পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাঁসাড়া স্ট্যান্ডে কালাম শেখ মোবাইল ফোন সার্ভিসের কাজ করতেন। তিনি হৃদরোগে ভুগছিলেন। তার হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল। এদিন দুপুর আড়াইটার দিকে লক্ষ্য করা যায় হাসপাদালে স্বামীর লাশের পাশে স্ত্রী সূর্যবান দাঁড়িয়ে আছেন অপলক চোখে। ৩ কন্যা সন্তানের জননী  সূর্যবান স্বামী হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

অপরদিকে অভিযুক্ত জামালের বাড়ি বরিশালে। জামাল হাঁসাড়া বাবু মাঝির মেয়েকে বিয়ের সুবাদে হাঁসাড়া ইউনিয়নের পুটিমারা গ্রামে বসবাস করছেন। জামালকে পুলিশ আটক করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরফিন তাবাসসুম নিনি জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযুক্ত অটো চালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।