আজঃ মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিতে আহত ১৫, গ্রেফতার ৩, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিতে আহত ১৫, গ্রেফতার ৩, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
শ্রীনগরে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিতে আহত ১৫, গ্রেফতার ৩, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিতে শিশু-নারীসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন রুদ্রপাড়ার আবুল খানের ছেলে আব্দুল মান্নান খান (৬০), সরল খানের ছেলে হারুন খান (৭৫), সাদেক খানের ছেলে মহাসিন খান (২৮)। এর মধ্যে মান্নান খান ও হারুন খান সম্পর্কে চাচা ভাতিজা।

গতকাল রবিবার রাতে ঘটনার পরপরই র‌্যাব-১০ ও পুলিশ রুদ্রপাড়া এলাকায় অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্ধুক, ১টি পিস্তল, মোট ৮২ রাউন্ড গুলি, ৯টি গুলির খোসা, ১টি ওয়াকিটকি উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সোমবার দুপুরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা সাংবাদিকদের বলেন, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাঘড়ার রুদ্রপাড়ার বালু মাঠের সামনে এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারুন খান ও মান্নান খানের সঙ্গে প্রতিবেশী খোরশেদ খানের ছেলে মিজান খানের কথা কাটাকাটির এক পর্যায় হারুন খান তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ভাতিজা মান্নান খানগং প্রতিপক্ষের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে মিজান খান (৩৬), মিনু বেগম (৫০), জয়সন বেগম (৬০) গুলিবিদ্ধসহ শিশু, বয়স্ক ব্যক্তি অন্তত ১৫ জন আহত হন।আহত খোরশেদ খান, মোস্তাকিম, ইদ্রীস, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আল-আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।গুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।