মুন্সীগঞ্জের শ্রীনগরে আধুনিক হাসপাতাল ও স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের ২১টি জেলার রাজধানীর প্রবেশদ্বার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা।এর সাথে ঢাকার জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা শ্রীনগর উপজেলার পার্শ্ববর্তী। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বড় অংশ এই উপজেলায় অবস্থিত।এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে।এই অঞ্চলের জনসাধারণসহ অন্যান্যদের চিকিৎসা সেবার জন্য এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি আধুনিক হাসপাতাল বা মেডিকেল কলেজ স্থাপন করা সময়ের দাবীতে পরিনত হয়েছে।
তিনি আরো বলেন, স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি শ্রীনগর উপজেলার রাঢ়িখালে।সেখানে জগৎ বিখ্যাত এই বিজ্ঞানীর নামে স্কুল এন্ড কলেজ রয়েছে। অনেকদিন ধরে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ বিজ্ঞানীর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানিয়ে আসছে।জাতীয় সংসদে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী উত্থাপন করায় শ্রীনগর উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহকে ধন্যবাদ জানানো হয়।
মো. আবুল হোসেন আরো জানান, তাদের দাবীর সাথে উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ সম্মতি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সমষপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম সরকার, ষোলঘর সরকারি একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান, খোদাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশের আলী, রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান, হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওমর আলী, কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব।