আজঃ শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্টের বদলী বাতিল করে বরখাস্ত - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিস

ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্টের বদলী বাতিল করে বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্টের বদলী বাতিল করে বরখাস্ত ছবি : মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমান।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের কারনে প্রত্যাহারের পর শরিয়তপুরে বদলী বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিভাগীয় কার্যালয় (ঢাকা বিভাগ) এর কার্যালয় থেকে আদেশে তার বদলী বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশে সাময়িক বরখাস্তের কারণ হিসাবে ‘অসাূচারণ’ উল্লেখ করা হয়েছে।

বরখাস্তের আদেশ পত্রের বরাতে জানা যায়, ঢাকা বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য ঢাকা) এর পরিচালক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বরখাস্তের আদেশে বলা হয়েছে, জনাব মোঃ মিজানুর রহামন ষ্টেনোটাইপিষ্ট কাম কম্পিউটার অপারেটর সিভিল সার্জন অফিস মুন্সীগঞ্জ এর বিরুদ্ধে গত ১১ই মার্চ ও জাতীয় ইলেক্টনিক ও প্রিনট মিডিয়ায় সংবাদ ও ভিডিও ক্লিপে অফিস চলাকালিন সময়ে অর্থ লেনদেন প্ৰকাশ হওয়ায় সিভিল সার্জন মুন্সীগঞ্জ এর কার্যালয়ের সারক নং-সি এস মুন/ ২০২৬/ ৩২৭৫ তারিখ:-১৯/০৪/২০২৬খ্রিঃ মূলে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের জন্য অত্র কার্যালয়ে পত্র প্রেরণ করেন। এ ছাড়া মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় মহোদয় গত ২৪ শে এপ্রিলে মুন্সীগঞ্জ জেলা পরিদের্শন কালিন সময়ে স্থানীয় জনগণ এই কর্মচারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সার্বিক পরিস্থতি বিবেচনায় অফিসের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকারী কর্মচারী (শৃ্লা ও আপীল) বিধিমালা, ২০১৮, এস আর ও নং ১১০-আইন/২০১৮, তারিখ-১২-০৪-২০১৮খ্রি: এর সংদ্ঞা ২ এর খ “অসদাচরণ” এর (অ) (আ)(ই) অনুচ্ছেদ মূলে চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখান্ত কালিন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে বিভাগীয় পরিচালক ঢাকা ডা: জাহাঙ্গীর আলম জানান, তার বিরুদ্ধে বদলী আদেশ দেওয়া হয়েছিলো।কিন্তু ডিজি স্যার ও মন্ত্রী মহোদয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন।তাই তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত করা হবে।

স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের বদলী বাতিলের পর সাময়িক বরখাস্তের আদেশে সাংবাদিক মহলে স্বস্তি ফিরেছে।  স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের দাবী স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের অবৈধ সম্পদের বিষয়ে ও দূর্নীতি দমন কমিশনের তদন্ত হওয়া জরুরি।

স্থানীয় সচেতন নাগরিকরা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রসংশা করে বলেন, স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের সাময়িক বরখাস্ত সরকারি চাকরিজীবিদের জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। শুধুমাত্র এ জেলায় নয় সারাদেশেই দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিৎ।

উল্লেখ্য, গত ১১ ই মার্চ বাংলাদেশ প্রতিদিন এর মাল্টিমিডিয়া মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়।পরের দিন স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশ হয়।পরে অভিযুক্ত ব্যক্তি সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করে।জেলাজুড়ে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন করে প্রশাসনকে ৭ দিনের আলটিমেটাম দেয়।গত বুধবার স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমান সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে।গত শুক্রবার স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের ডিজি হঠাৎ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের বিষয়ে জানতে পেরে মো: মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।