মুন্সীগঞ্জের শ্রীনগরে এলজিইডি আইডিভুক্ত সরকারি রাস্তার কাজে বাধা প্রদান করা হয়েছে।বাধা কার্যকরে ত্রাস তৈরি করে মারধর করা হয়েছে এক্সেভেটর (ভেকু) চালককে।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের সালেপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সালেপুর সাগির মার্কেট থেকে সালেপুর দক্ষিনপাড়া পর্যন্ত প্রায় ৬শ মিটার ইউনিব্লকের কাজ শুরু হয়।কয়েকদিন আগে রাস্তাটির মাটির কাজ শুরু হলে জালাল মাস্টারের বাড়ির দক্ষিন পাশের জমির মালিক বীরতারা গ্রামের জয়নাল শেখের ছেলে সিংগাপুর প্রবাসী সুমন তার বোন জামাই ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য লোকদিয়ে রাস্তার মাঝখানে সিমেন্টের খুটি পুতে রাস্তার কাজে বাঁধা তৈরি করে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এক্সেভেটর (ভেকু) দিয়ে কাজ করার সময় সুমন তার আত্মীয়স্বজন সহ প্রায় ২০/২৫ জন ভাড়াটে সন্ত্রাসীকে সেখানে পাঠিয়ে কাজ বন্ধ করতে বলে। এসময় ত্রাস কায়েম করার জন্য বীরতারা গ্রামের নাজির হোসেনের ছেলে রাসেল (২৮) এক্সেভেটর চালক শামীম হোসেন (৪০) কে মারধর করে।পরে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
রাস্তায় ঠিকাদারের প্রতিনিধি মোজাফফর হোসেন জানান, রাস্তাটি যেভাবে রয়েছে সেভাবেই কাজ করার জন্য ঠিকা নেওয়া হয়েছে।ভেকু চালককে মারধর করে রাস্তায় কাজ না করার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রীনগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন।তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে স্বীকার করেন।
স্থানীয়রা জানায়, সরকারি রেকর্ডিয় এই রাস্তাটিতে একাধিকবার সরকার উন্নয়ন কাজ করেছে।এই রাস্তার পাশে সুমন দুই বছর আগে জমি ক্রয় করে এখন এলাকায় ব্যাঘাত সৃষ্টি করছে।
এবিষয়ে অভিযুক্তদের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীনগর উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, কোন ভাবেই সরকারি রাস্তার কাজ বন্ধ করা যাবে না।যারা সরকারি রাস্তার কাজে বাধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।