আজঃ , , শ্রীনগরে খামার ঘরে লাগা আগুনে ১০ লাখ টাকার ক্ষতি - বিক্রমপুর প্রতিদিন

শ্রীনগরে খামার ঘরে লাগা আগুনে ১০ লাখ টাকার ক্ষতি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
শ্রীনগরে খামার ঘরে লাগা আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামে একটি খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী খামার মালিকের।গত রোববার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ পাইকশা পশ্চিমপার এলাকার হারুনুর রশিদের ছেলে সোহেল শেখের মালিকানাধীন খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, এঘটনায় টিন ও কাঠের তৈরি দুতলা বিশিষ্ট খামার ঘরসহ ভিতরে থাকা অসংখ্য খড় পুড়ে যায়।

এলাকাবাসী জানায়, গভীর রাতে দক্ষিণ পাইকশার সোহেল শেখের খামার ঘরে অগ্নিকান্ডের খবর সুনতে পান তারা।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আঃ ছবুর তালুকদার জানান, দক্ষিণ পাইকশা গ্রামে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খামার ঘরে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে গতকাল রবিবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী গ্রামে সৌদিআরব প্রবাসী আনিছ সরদারের বসতঘরে গ্যাসের চুলা থেকে আগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ১টি টিনের ঘরসহ আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় প্রবাসী আনিছের পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।