বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অস্থিরতার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছনবাড়ী চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করে দলটির সহযোগী সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ছনবাড়ী চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান বক্তারা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর জাহান ঢালী, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্যসচিব পাভেল মোল্লা, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব মো. বাবু, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও ১ নম্বর সদস্য রাজু আহমেদসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।