আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।এতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় তিনি জানান, প্রবাসী-মৃত ভোটারদের তথ্য সম্বলিত ভোটার তালিকা সরবরাহ করায় যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।তবে, তারা আপিল করার সুযোগ পাবেন।যাচাই-বাছাইয়ে ৫ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে মোট ৭ জন এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ্, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ. কে. এম. আলহাজ ফখরুদ্দীন রাজি, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী কে এম ইঞ্জিনিয়ার আলহাজ আতিকুর রহমান, সিপিবি’র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী রোকেয়া আক্তার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মমিন আলী।