মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজা ও ইয়াবা সহ একই পরিবারের পাঁচজন সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রাম থেকে মজিবুর রহমানের বসতবাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মালখানগর এলাকা মজিবুর রহমান, তার স্ত্রী জাহানার বেগম, ছেলে জাহিদ হাসান, নাহিদ হাসান, নাহিদের স্ত্রী জাকিয়া বেগম ও উপজেলার কাজীরবাগ গ্রামের স্বপন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার।গ্রেপ্তারকৃত ৫জন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিবারের বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।
সোমবার দুপুরে প্রেসব্রিফিংয়ে সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, মালখানগর রথবাড়ি এলাকায় এক পরিবারের সবাই মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে একই পরিবারের ৫সদস্য সহ ৬জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫১পিস ইয়াবা ও ৩৮০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরিবারটির সদস্যরা এলাকার যুবক স্কুল ছাত্র সহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।