আজঃ , , ডেঙ্গুর বিস্তার রোধে মুন্সীগঞ্জে যুবদলের জলাধার পরিষ্কার ও লিফলেট বিতরণ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ডেঙ্গুর বিস্তার রোধে মুন্সীগঞ্জে যুবদলের জলাধার পরিষ্কার ও লিফলেট বিতরণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
ডেঙ্গুর বিস্তার রোধে মুন্সীগঞ্জে যুবদলের জলাধার পরিষ্কার ও লিফলেট বিতরণ

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে জলাধার পরিষ্কার ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় খালের পারে জমে থাকা বিভিন্ন আগাছা কচুরি পানা, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।পরে তালতলা বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে জেলা ও উপজেলা যুবদল সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙ্গিনা ও এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার লার্ভা যাতে বংশ বিস্তার করতে না পারে সে দিকে সবাইকে সজাক দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান।