মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে দুই বছর বয়সী নাতিকে মাটিতে আছাড় মারার ঘটনায় অভিযুক্ত দাদী মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানা পুলিশ দেউলভোগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত মুক্তা বেগম উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে কাননীসার গ্রামে নিজ বাড়ির উঠানে দুই বছরের শিশু নাফিন খানকে মাথার ওপর তুলে মাটিতে আছাড় মারেন দাদী মুক্তা বেগম। মর্মান্তিক এই নির্যাতনের ভিডিওচিত্রটি ২৫ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মুক্তা বেগমকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানা পুলিশ জানায়, শিশু নির্যাতনের ঘটনায় রুজু হওয়া মামলার ভিত্তিতে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।