মুন্সীগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের খুঁটির তার চুরি করতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে চোর চক্র।গত রবিবার রাত পৌণে ১২ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এই ঘটনা ঘটে।খবর পেয়ে তাৎক্ষনিক শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বৈদ্যুতিক তার চুরির লক্ষে আগুন দেয়া হয়েছে।স্থানীয়রা জানিয়েছে, ষোলঘর ১নং ব্রিজের পাশে পুষ্পধারা হাউজিং প্রজেক্টের পাশে একটি ৩৩হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটির নিচ থেকে ওপর পর্যন্ত আগুন জ্বলতে দেখতে পান।আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে বৈদ্যুতিক তারে ছড়িয়ে পরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রহস্যজনক আগুন দেখে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীর আগুন নিয়ন্ত্রণে আনেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে আসেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা জানান, চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে।চক্রটি ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে আলোচনা হয়েছে।